ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ইংরেজি শিখতে সচিবদের থাইল্যান্ড পাঠানোর খবর অসত্য ও বিভ্রান্তিমূলক : বিয়াম

ads

সম্প্রতি ‘স্টার নিউজ’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত 'ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়' শীর্ষক সংবাদটিকে অসত্য এবং বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মানসুর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, এই প্রশিক্ষণ কর্মসূচী সচিবদের জন্য নয়। এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির একটি সুপরিকল্পিত পদক্ষেপ।


এ প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, 'স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অব বিয়াম ফর কনডাকটিং কোর কোর্সেস' শীর্ষক প্রকল্পের আওতায় মূলত তিনটি কোর্স পরিচালিত হচ্ছে।


এই কোর্সগুলো হচ্ছে,গভর্ন্যান্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট (জিএফএমপিপি); নেগোসিয়েশন স্কিলস এন্ড ইংলিশ প্রফিসিয়েন্সি (এনএসইপি); এবং পলিসি ফরম্যুলেশন: ই-গভর্ন্যান্স এন্ড আইসিটি (পিএফ:ইজিআইসিটি)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রশিক্ষণটি পরিচালনা করা হবে জাপান সরকারের ‘ডিআরজিএসিএফ ফান্ডে’র অর্থায়নে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। ফলে দেশের কোষাগারের টাকা খরচ হওয়ার দাবিটি ভিত্তিহীন।


প্রকাশিত সংবাদে প্রশিক্ষণের গন্তব্য ‘পাতায়া’ উল্লেখ করা হলেও মন্ত্রণালয় জানিয়েছে তা সত্য নয়। মূলত ব্যয় সংকোচনের লক্ষ্যে ইউরোপের (ইতালি বা যুক্তরাজ্য) পরিবর্তে এশিয়ার কোনো দেশ যেমন—থাইল্যান্ড বা মালয়েশিয়ার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এই প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘পাতায়া’র নাম ব্যবহার করে বিষয়টিকে ‘পর্যটন কেন্দ্রিক’ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি মন্ত্রণালয়ের।


এ প্রসঙ্গে মন্ত্রণালয় আরও জানায়, এই প্রস্তাবটি এখনও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য প্রেরণ করা হয়নি। অর্থাৎ, এটি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, বরং প্রক্রিয়াধীন একটি বিষয়।


বিজ্ঞপ্তির শেষ দিকে মন্ত্রণালয় বলছে, 'সম্যক ধারণা ব্যতীত জনপ্রশাসন সম্পর্কে এ রকম অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিয়াম ফাউন্ডেশনের মতো স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর এবং অনাকাঙ্খিত।'


জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংবাদকে একটি ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করার হীন প্রচেষ্টা হিসেবে অভিহিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page